আজ থেকে শুরু হলো দেশের ১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), কিন্তু এবারের উদ্বোধন একটু ভিন্ন আঙ্গিকে—বিপিএলের শুরুতেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো জুলাই গণ-অভ্যুত্থানের সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে।
গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন হাদি। এরপর ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিসিবি ইতোমধ্যেই ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তার প্রতি শোক প্রকাশ করেছে।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধন অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করে তাকে সম্মান জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিভিন্ন ক্রিকেট প্রশাসক ও অতিথি।
বিশেষভাবে নজরকাড়া মুহূর্ত ছিল রাজশাহী তারকা মুশফিকুর রহিমের—তিনি এক মুহূর্ত থেমে মোনাজাত ধরে ওসমান হাদির আত্মার শান্তি কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিপিএলের পর্দা উন্মোচন করেন বিসিবি সভাপতি।


