ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারী বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৫:৫৮ পিএম
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

নেপালে অনুষ্ঠিতব্য ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বেই টুর্নামেন্টে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া এই ক্রিকেটার বিশ্বকাপ বাছাই দিয়েই জাতীয় দলে পথচলা শুরু করতে যাচ্ছেন।

এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের হয়ে সর্বশেষ বিশ্বকাপে খেলেছেন জুয়াইরিয়া। ওই টুর্নামেন্টে তিনি ৬ ম্যাচে ৭০ রান করেন। অভিজ্ঞ ও নিয়মিত ক্রিকেটারদের পাশাপাশি তরুণ এই খেলোয়াড়কে দলে রাখায় ভবিষ্যতের দিকে নজর রাখার ইঙ্গিত দিয়েছে নির্বাচকরা।

স্কোয়াডে নিয়মিত সদস্যদের প্রায় সবাইকে রাখা হয়েছে। মূল দলের বাইরে আরও পাঁচজন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।

আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব। টুর্নামেন্ট চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। ১০ দলের এই বাছাইয়ে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে। গ্রুপ পর্বে টাইগ্রেসদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ড।

বাংলাদেশ নারী দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, সোবহানা মুস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।