বিগ ব্যাশে একের পর এক চমক দেখাচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। দুই ম্যাচ উইকেটশূন্য থাকলেও আজ তিনি আবার বল হাতে দ্যুতি ছড়িয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) হোবার্ট হারিকেন্সের হয়ে খেলতে নামা রিশাদ ৪ ওভারে মাত্র ২৬ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। তার বোলিংয়ে দলও জয় ছিনিয়ে নেয় ৩৭ রানের বড় ব্যবধানে।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে হোবার্ট হারিকেন্স ২০ ওভারে ১৭৮ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে অ্যাডিলেড স্ট্রাইকার্স শুরু থেকেই উইকেট হারাতে থাকে।
ইনিংসের দ্বিতীয় ওভারেই তারা হারায় ম্যাথু শর্টকে। একই ওভারে সাজঘরে ফিরেছেন ম্যাকেঞ্চি হার্ভেকও। পরের ওভারে ক্রিস লিন ও জেসন সাঙ্গারের উইকেট তুলে নেন নাথান এলিস। মাত্র ৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে অ্যাডিলেড।
রিশাদ হোসেন প্রথম বোলিং করতে আসেন ইনিংসের ষষ্ঠ ওভারে। যদিও সেই ওভারের দ্বিতীয় বলেই ছক্কা খান, কিন্তু ওভারের শেষ বলে মানেনটিকে সাজঘরে পাঠান। এরপর নবম ওভারের প্রথম বলেই ওভারটনকে স্টাম্পিং করে ফেরান।
১৫তম ওভারে বোলিং করতে এসে উডকেও সাজঘরে ফেরান রিশাদ। শেষ পর্যন্ত ৪ ওভারের কোটা পূর্ণ করে ২৬ রান খরচায় ৩ উইকেট তুলে নেন তিনি।
অ্যাডিলেডের লিয়াম স্কট ব্যাটে লড়াই করলেও অপরাজিত ৯১ রানের ইনিংসেও দলের জয় এনে দিতে পারেননি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪১ রানে থামে অ্যাডিলেড স্ট্রাইকার্সের ইনিংস।


