বিগ ব্যাশ লিগে দুর্দান্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের তারকা লেগস্পিনার রিশাদ হোসেন। এখন পর্যন্ত ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় রয়েছেন তিনি।
শুক্রবার (৯ জানুয়ারি) অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩৭ রানের বড় জয় পেয়েছে হোবার্ট হারিকেন্স। এই জয়ের মাধ্যমে লিগ টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রিশাদের প্রশংসায় ভাসিয়েছেন হোবার্টের অধিনায়ক নাথান এলিস।
এই ম্যাচে রিশাদ ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তার কার্যকর বোলিংয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। এর আগে ব্যাটিংয়ে হোবার্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৭৮ রান।
ম্যাচ শেষে রিশাদকে নিয়ে অধিনায়ক নাথান এলিস বলেন, এ বছর রিশাদ ও রেহান আমাদের জন্য দারুণ পারফরম্যান্স করছে। তারা দুজনই বিশ্বমানের বোলার। টুর্নামেন্টের শেষ দিকে হয়তো রেহানকে পাব না, কিন্তু আমাদের রিশাদ আছে—সে সত্যিই খুব ভালো মানের বোলার।
এলিস নিজেও এই ম্যাচে ২ ওভারে ৭ রান দিয়ে ২ উইকেট নেন। তবে ম্যাচসেরার পুরস্কার পাওয়া নিয়ে তিনি বলেন, আজ ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার ধরে রাখাটা আমার কাছে একটু অস্বস্তিকর লাগছে। কারণ আমার মতে আরও ৪-৫ জন এই পুরস্কার পাওয়ার যোগ্য ছিল।
হোবার্টের বেলেরিভ ওভালে মাঠের এক পাশ তুলনামূলক ছোট হলেও রিশাদের আত্মবিশ্বাসে কোনো ঘাটতি ছিল না। বিষয়টি তুলে ধরে এলিস বলেন, মাঠের এক দিক ছোট হওয়া সত্ত্বেও রিশাদকে যখনই বোলিংয়ে এনেছি, সে হাসিমুখে বল হাতে নিয়েছে। অধিনায়ক হিসেবে এটা সত্যিই দারুণ অনুভূতি।
তিনি আরও বলেন, হোবার্টের উইকেট সাধারণত ভালো থাকে এবং স্পিনারদের গতি ও বৈচিত্র্য প্রতিপক্ষের জন্য রহস্য তৈরি করছে। মাঝের ওভারগুলোতে তরুণ ও স্পিনাররা ভালো বোলিং করে রান চাপের মধ্যে রেখেছে প্রতিপক্ষকে।
এই জয়ের ফলে ৮ ম্যাচে ৬ জয় নিয়ে হোবার্ট হারিকেন্সের পয়েন্ট দাঁড়িয়েছে ১২। সমান ৮ পয়েন্ট নিয়ে তালিকায় তাদের পেছনে রয়েছে পার্থ স্কচার্স, মেলবোর্ন স্টারস ও সিডনি সিক্সার্স।


