ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ‘অঘোষিত ফাইনালে’ ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস। এই দুই তারকার জোড়া সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রানের পাহাড় গড়েছে কিউইরা। এটি ইনদোরের হোলকার স্টেডিয়ামে কোনো সফরকারী দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই সুখকর ছিল না নিউজিল্যান্ডের। মাত্র ৫ রানেই সাজঘরে ফেরেন দুই ওপেনার হেনরি নিকোলস ও ডেভন কনওয়ে। দলীয় ৫৮ রানে উইল ইয়াং বিদায় নিলে চরম বিপর্যয়ে পড়ে সফরকারীরা। তবে চতুর্থ উইকেটে দৃশ্যপট বদলে দেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস।
১৮৮ বলে ২১৯ রানের এক অনবদ্য জুটি গড়ে ভারতকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দেন তারা। এই জুটির ওপর ভর করেই লড়াই করার মতো পুঁজি পায় কিউইরা।
ড্যারেল মিচেল আজ ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন। ১৪ জানুয়ারি রাজকোটে ১৩১* রানের ইনিংস খেলার পর আজ ইনদোরেও শতক হাঁকালেন তিনি। এটি ভারতের মাটিতে তার চতুর্থ ও ক্যারিয়ারের সেরা ওয়ানডে সেঞ্চুরি। ১৩১ বলে ১৫টি চার ও ৩টি ছক্কায় ১৩৭ রানের রাজকীয় ইনিংস খেলেন তিনি।
অন্যদিকে, গ্লেন ফিলিপস ছিলেন বিধ্বংসী মেজাজে। মাত্র ৮৮ বলে ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০৯ রান করে নিউজিল্যান্ডের বড় সংগ্রহ নিশ্চিত করেন তিনি।
দুই সেঞ্চুরিয়ান বিদায় নেওয়ার পর নিউজিল্যান্ডের রানের গতি কিছুটা কমে যায়। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় প্রত্যাশিত রানের কাছাকাছি পৌঁছাতে পারেনি তারা। তবে অধিনায়ক মিচেল ব্রেসওয়েল ১৮ বলে ২৮ রানের একটি কার্যকরী ক্যামিওতে ৩৩৭ রানে গিয়ে পৌঁছায় কিউইদের পুঁজি।


