বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের ট্রফি এসেছে সম্পূর্ণ নতুন এক চেহারায়। দুবাইয়ে সুনিপুণ নকশায় নির্মিত প্রায় ৩০ লাখ টাকা মূল্যের হীরাখচিত এই ট্রফি টুর্নামেন্ট শুরুর আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ফাইনালে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনাল ম্যাচ সামনে রেখে এর আগে ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নেন দুই দলের অধিনায়ক শেখ মেহেদী হাসান ও নাজমুল হোসেন শান্ত।
টুর্নামেন্ট চলাকালীন জনসমক্ষে ট্রফি প্রদর্শন না করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও ফাইনালের আগে অবশেষে জমকালো আয়োজনে উন্মোচন করা হয় শিরোপাটি।
আজ বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে করে লাল কাপড়ে মোড়ানো ট্রফিটি মাঠে নামানো হয়। যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী ও জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন ট্রফিটি মাঠে নিয়ে আসেন।
এরপর বিশেষ ট্রফি কেসের ওপর শিরোপাটি স্থাপন করা হয়। দুই দলের অধিনায়কের উপস্থিতিতে ফটোসেশন অনুষ্ঠিত হয় এবং রঙিন ফিতা উড়িয়ে ট্রফিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। ম্যাচ শেষে এই ট্রফিই উঠবে এবারের চ্যাম্পিয়ন দলের হাতে।
তবে ফাইনাল ম্যাচে থাকছে না আলাদা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ শেষে দর্শকদের জন্য কেবল আতশবাজি ও লেজার শোর আয়োজন রাখা হয়েছে।


