ভারতে অনুষ্ঠিতব্য ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে ন্যায্য ও যৌক্তিক বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি।
বাংলাদেশকে সমর্থন জানিয়ে তিনি বলেন, পাকিস্তান যদি একই পথে হাঁটে এবং বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, তবে তিনি সে সিদ্ধান্তের পক্ষে থাকবেন।
নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সূচি অনুযায়ী ভারতের ভেন্যুতে থাকা বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা গ্রহণ করেনি।
এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছিল, বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানও একই সিদ্ধান্ত নিতে পারে। সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফ প্রকাশ্যে টুর্নামেন্ট বয়কটের পক্ষে মত দেন।
এসব ঘটনায় কয়েক দিন ধরেই পাকিস্তানের অবস্থান নিয়ে জোর আলোচনা চললেও এখনো আনুষ্ঠানিকভাবে পিসিবির পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি।
এর মধ্যেই বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান জানালেন পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। টেলিকম এশিয়া স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি শক্ত ও ন্যায্য অবস্থান নিয়েছে। এখন দেখার বিষয়, পিসিবি কী সিদ্ধান্ত নেয়। এটি অবশ্যই কঠিন সিদ্ধান্ত হবে, তবে আমি এমন সিদ্ধান্তের পক্ষেই থাকব।
বর্তমান পিসিবি সভাপতি মহসিন নাকভির নেতৃত্বের প্রতিও আস্থা প্রকাশ করে শেঠি বলেন, মহসিন নাকভি ক্রিকেট বোঝেন। তিনি সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন। সে সিদ্ধান্তে অটল থাকাটাই হবে সঠিক পথ।
আইসিসির ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন নাজাম শেঠি। তার অভিযোগ, বড় সিদ্ধান্তগুলোতে সংস্থাটি ধারাবাহিকভাবে ভারতের পক্ষ নিচ্ছে।


