ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে শুরু হওয়া নাটকীয়তা এক চরম মোড় নিয়েছে। নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না চাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বাংলাদেশের জায়গায় গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। আর এই ঘটনাকে ঘিরেই আইসিসির বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ তুলে গর্জে উঠেছে পাকিস্তান।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত জানান, বিসিবির দাবিগুলো আইসিসির বিদ্যমান নীতির পরিপন্থি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে পাঠানো এক চিঠিতে আইসিসি উল্লেখ করেছে বাংলাদেশ আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মানতে ব্যর্থ হয়েছে।
টুর্নামেন্টের মান রক্ষায় বর্তমান র্যাঙ্কিং ও পারফরম্যান্স বিবেচনায় স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, স্কটল্যান্ড এখন ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে লড়বে।
নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিসিবি এবং আইসিসির মধ্যে বড় ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে। আইসিসির মূল্যায়ন অনুযায়ী, ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য ঝুঁকি ছিল ‘সহনীয় থেকে কম’।
কিন্তু বিসিবি দাবি করে আসছিল এই ঝুঁকি ‘সহনীয় থেকে উচ্চ’। আইসিসি পাল্টা যুক্তি দিয়েছে যে, গত বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর চেয়ে বেশি ঝুঁকি থাকা সত্ত্বেও বাংলাদেশ সেখানে দল পাঠিয়েছিল।
২৪ ঘণ্টার আল্টিমেটাম পার হওয়ার পর বিসিবি যোগাযোগ করলেও ততক্ষণে আইসিসি তাদের সিদ্ধান্তে অনড় অবস্থান নেয়। আইসিসির মতে, বিসিবির দাবি মেনে নিলে টুর্নামেন্টের নিরপেক্ষতা বজায় রাখা অসম্ভব হয়ে পড়বে।
বাংলাদেশের এই দুঃসময়ে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি আইসিসির এই পদক্ষেপকে ‘অবিচার’ বলে আখ্যা দেন।
মহসিন নাকভি বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে। ভারত ও পাকিস্তানের জন্য যদি বিশেষ ‘হাইব্রিড মডেল’ থাকতে পারে, তবে বাংলাদেশের জন্য কেন নয়? এক দেশ অন্য দেশকে ডিক্টেট করতে পারে না।
নাকভি আরও বলেন, বাংলাদেশের সমর্থনে পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে কি না সেই চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দেশে ফিরলে নেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে পাকিস্তান কোনো কিছুর জন্যই অপ্রস্তুত নয়।
তিনি আইসিসিকে উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের কাছে প্ল্যান এ, বি, সি এবং ডি—সবই তৈরি আছে।’



