ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জয় শাহর ফোন ধরছেন না নাকভি, আসতে পারে বড় ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৭:৩২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ (গ্রাফিক্স)

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বিশ্ব ক্রিকেটে বইছে ঝড়ের পূর্বাভাস। বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে টুর্নামেন্ট বয়কট করার যে গুঞ্জন উঠেছিল, তা এখন বাস্তবে রূপ নেওয়ার পথে। 

পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি সামাল দিতে আইসিসি চেয়ারম্যান জয় শাহ অন্তত আটবার ফোন করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে। তবে প্রতিবারই সেই ফোনকল এড়িয়ে গেছেন নাকভি।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংকট নিরসনে আইসিসি চেয়ারম্যান জয় শাহ ব্যক্তিগতভাবে উদ্যোগ নিলেও মহসিন নাকভির পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। 

এদিকে, পিসিবি প্রধান মহসিন নাকভি বর্তমানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে তার উচ্চপর্যায়ের বৈঠকের পর পরিস্থিতি ভিন্ন মোড় নিয়েছে। 

বৈঠক শেষে নাকভি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ ইস্যু এবং বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে পাকিস্তানের চূড়ান্ত অবস্থান ৩০ জানুয়ারি অথবা ২ ফেব্রুয়ারির মধ্যে স্পষ্ট করা হবে।

কেন এই বয়কটের গুঞ্জন?

মূলত বাংলাদেশের নিরাপত্তা ইস্যু এবং টুর্নামেন্ট ভেন্যু নিয়ে আইসিসি ও বিসিসিআই-এর একরোখা নীতির প্রতিবাদে শুরু থেকেই সরব পাকিস্তান। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান যদি শেষ পর্যন্ত সরে দাঁড়ায়, তবে আইসিসি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। 

গুঞ্জন রয়েছে, মহসিন নাকভি খুব শিগগিরই ঢাকা সফরে আসতে পারেন, যা দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করবে।