২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হলো। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের টস শেষ হওয়ার পরপরই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাবর আজমদের বিশ্বকাপ জার্সি উন্মোচনের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পিসিবি ‘অনিবার্য কারণ’ দেখিয়ে এই আয়োজন বাতিল করেছে।
এনডিটিভি স্পোর্টসের প্রতিবেদনে জানা যায়, এই স্থগিতাদেশের পেছনে রয়েছে সরাসরি রাজনৈতিক ও কূটনৈতিক কারণ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে পিসিবিকে আনুষ্ঠানিক অনুমতি দেয়নি।
সোমবার (২ ফেব্রুয়ারি) এ বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে জানা যায়। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত না আসা পর্যন্ত পিসিবি এমন কোনো পদক্ষেপ নিতে চাইছে না যা বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিশ্চিত হিসেবে গণ্য হতে পারে।
খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট যখন মাঠের প্রস্তুতিতে ব্যস্ত, তখন মাঠের বাইরের এই অনিশ্চয়তা তাদের মনোসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছে। পিসিবি দাপ্তরিকভাবে জানিয়েছে, তারা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছে এবং সরকারের সিদ্ধান্ত মেনেই পরবর্তী পদক্ষেপ নেবে।
এদিকে পিটিআই-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অংশগ্রহণের সম্ভাবনা এখনো প্রবল। কারণ পিসিবি ইতিমধ্যেই ২ ফেব্রুয়ারি ভোরে কলম্বোর উদ্দেশ্যে দলের যাত্রার সমস্ত আয়োজন সম্পন্ন করে রেখেছে।


