ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মিরপুর স্টেডিয়ামে গণমাধ্যম প্রবেশে নতুন নির্দেশনা জারি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৮:৫২ পিএম
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ছবি : সংগৃহীত

নিরাপত্তা শঙ্কা বিবেচনায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশ নিয়ন্ত্রণ কঠোর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন থেকে বিসিবির নির্ধারিত সূচি বা বিশেষ আমন্ত্রণ ছাড়া কেউ স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। নতুন প্রোটোকল অনুযায়ী, সাংবাদিকদের প্রবেশাধিকার আগের তুলনায় সীমিত করা হয়েছে এবং তারা কেবল ১ নম্বর গেইটের মাধ্যমে স্টেডিয়ামে ঢুকতে পারবেন।

বিসিবি জানিয়েছে, প্রবেশাধিকার শুধুমাত্র নির্দিষ্ট ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন: ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবি কর্তৃক আমন্ত্রণ জানানো অনুষ্ঠান অথবা বিসিবির পূর্বনির্ধারিত ট্রেনিং ও প্র্যাকটিস সেশন কাভার করার জন্য। সাধারণ দিনগুলোতে স্টেডিয়াম বা বিসিবি কার্যালয়ে সংবাদকর্মীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

বিসিবি আরও জানিয়েছে, স্টেডিয়াম ও অফিস প্রাঙ্গণে নিরাপত্তা বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে। বোর্ডের মতে, নিরাপত্তার কারণে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নেওয়ায় মিরপুর স্টেডিয়ামে এখন জাতীয় দলের ব্যস্ততা নেই। তবে বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে। 

এ ছাড়া ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে একটি বিশেষ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও বিষয়টি এখনো চূড়ান্ত ঘোষণা হয়নি।