ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আইসিসিকে যে পরামর্শ দিলেন শহিদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১২:৪০ পিএম
শহিদ আফ্রিদি। ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান গ্রুপ ম্যাচে ভারতের বিপক্ষে অংশ নেবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বৈঠকের পর এ সিদ্ধান্ত আসে।

এ বিষয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, রাজনীতি যেখানে সম্পর্কের দরজা বন্ধ করে দেয়, সেখানে ক্রিকেট সংযোগের নতুন পথ তৈরি করতে পারে।

একই সঙ্গে তিনি সরকারের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বাস্তব পদক্ষেপের মাধ্যমে ন্যায্যতার প্রমাণ দেখানোর আহ্বান জানিয়েছেন।

এদিকে পিসিবি জানিয়েছে, দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না। 

এর আগে পিসিবিপ্রধান নাকভি আইসিসিকে ‘দ্বৈত মানদণ্ড’ অবলম্বনের অভিযোগ এনে বলেছেন, সংস্থাটি ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইর প্রভাব থেকে স্বাধীন নয়। এ ছাড়া ২০ দলের টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও পাকিস্তানের এই অবস্থানের পেছনে প্রভাব ফেলেছে।