ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বাংলাদেশকে যেভাবে খুশি করতে চায় আইসিসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৪:০৭ পিএম
গতকাল লাহোরে আইসিসি ও পিসিবির বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে চলমান চরম অনিশ্চয়তা কাটাতে লাহোরে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অবস্থান পরিষ্কার হয়েছে। 

দীর্ঘ চার ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের স্বার্থ রক্ষার দোহাই দিয়ে বেশ কিছু কড়া দাবি তুললেও আইসিসি তার সবগুলোতে সরাসরি সায় দেয়নি। 

তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পুরোপুরি অসন্তুষ্ট না করার একটি কৌশলি পথ খুঁজে বের করেছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

বৈঠকে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি দাবি করেছিলেন, বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার হওয়ায় তাদের বিশেষ আর্থিক ক্ষতিপূরণ এবং অংশগ্রহণ ফি দিতে হবে। আইসিসি এই বিশেষ দাবিটি সরাসরি প্রত্যাখ্যান করেছে।

তবে, আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা একটি ইতিবাচক প্রস্তাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, আলাদা করে ক্ষতিপূরণ দেওয়ার কোনো বিধান না থাকলেও আইসিসির বাৎসরিক আয় থেকে বাংলাদেশ যেন তাদের প্রাপ্য পূর্ণ অংশ পায় তা নিশ্চিত করা হবে। 

এর আগে, নিরাপত্তাহীনতার কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বোর্ডের এমন অনড় সিদ্ধান্তে শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপের আসর থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করে আইসিসি।