২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডালাসের সেই অঘটনের স্মৃতি কি আজও তাড়া করে বেড়াচ্ছে পাকিস্তানকে? নাকি কলম্বোর মাটিতে নতুন গল্প লিখবেন সালমানরা? আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার আগে ক্রিকেটপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নই।
তবে মাঠের লড়াইয়ের আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই। যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তা দিয়েছে, সেই হারের কারণে মানসিক চাপে থাকবে পাকিস্তান। অন্যদিকে, পাকিস্তান বলছে—ওসব এখন অতীত।
যুক্তরাষ্ট্রের লেগ স্পিনার মোহাম্মদ মহসিন সরাসরিই পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার বলেন, আমাদের সঙ্গে সর্বশেষ ম্যাচে হারায় চাপটা পাকিস্তানের ওপরই বেশি থাকবে।
দুই বছর আগের দলের চেয়ে বর্তমান যুক্তরাষ্ট্র দল অনেক বেশি শক্তিশালী ও আত্মবিশ্বাসী বলেও দাবি করেন তিনি। পাকিস্তান দলের অনেককেই ব্যক্তিগতভাবে চেনা মহসিন সতীর্থদের পরামর্শও দিয়েছেন।
তার ভাষ্য, পাকিস্তানের এই দলের বেশির ভাগ ক্রিকেটারের সঙ্গেই আমি খেলেছি। আমি আমার ইনপুট দিয়েছি। আমাদের স্কিল এখন আরও ভালো।
যুক্তরাষ্ট্র তাদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষেও চমক জাগিয়েছিল। এক পর্যায়ে মাত্র ৭৭ রানেই ভারতের ৬ উইকেট তুলে নিয়েছিল তারা। যদিও সূর্যকুমার যাদবের ব্যাটে শেষ পর্যন্ত ২৯ রানে হার মানতে হয় তাদের।
অন্যদিকে পাকিস্তানও তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের মুখ থেকে ফিরে এসেছে। শেষ ২ ওভারে ২৯ রানের সমীকরণ মিলিয়ে ফাহিম আশরাফের ঝোড়ো ব্যাটিংয়ে স্বস্তির জয় পায় তারা।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ নিয়ে পাকিস্তানি পেসার সালমান মির্জা অবশ্য চাপ নিতে নারাজ। তিনি মনে করেন, অতীতের হার থেকে শিক্ষা নিয়ে তারা নতুন উদ্যমে মাঠে নামবেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন