ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উৎসবের আমেজে ভোট দিলেন ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৬:২৩ পিএম
ছবি : সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সাধারণ মানুষের পাশাপাশি গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ করেছেন বাংলাদেশের ক্রিকেট তারকারাও। 

বিশেষ করে জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে ভক্তদের উৎসাহিত করেছেন।

সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তার ছেলে ও মেয়েকে নিয়ে ঢাকা-৯ আসনে ভোট দিয়েছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সন্তানদের সাথে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, সন্তানদের সঙ্গে নিয়ে আজ ভোট দিলাম। দায়িত্ববোধ শেখানো শুরু ঘর থেকেই।

তরুণ প্রজন্মের ক্রিকেটারদের জন্য এবারের নির্বাচন ছিল বিশেষ স্মরণীয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী এবং নারী দলের ক্রিকেটার মারুফা আক্তার প্রথমবারের মতো ভোট দিয়েছেন। 

নিজেদের প্রথম ভোট দেওয়ার অনুভূতি জানিয়ে ফেসবুকে ছবি পোস্ট করেছেন তারা। মারুফা লিখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের প্রথম ভোট দিলাম।

ঢাকা-১৩ আসনের ভোটার পেসার তাসকিন আহমেদ তার ভোটাধিকার প্রয়োগের পর সচেতন নাগরিক হিসেবে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। তাসকিন ফেসবুকে লেখেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে সবারই নিজের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে ভোট দেওয়া উচিত। আমিও আমার ভোটাধিকার প্রয়োগ করেছি। আমরা সকলে মিলে একটি নতুন, সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং সেই দিনের অপেক্ষায় আছি।’

চট্টগ্রাম-৯ আসনে ভোট দিয়েছেন দেশসেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। 

ভাই নাফিস ইকবালকে সাথে নিয়ে সেনা নিরাপত্তার বেষ্টনীতে কেন্দ্রে প্রবেশ করেন এই ক্রিকেটার। ভোট দেওয়ার পর তামিম বলেন, সুন্দর পরিবেশে জীবনের প্রথম ভোট (দ্বাদশ নির্বাচনের প্রেক্ষিতে) দিলাম। খুবই ভালো লাগছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।