ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ওমানকে বিশাল ব্যবধানে হারাল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৪:০৮ পিএম
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নের 'তিনশ' ছোঁয়া না হলেও, রানের বন্যা বইয়ে দিয়েছে আয়ারল্যান্ড। লরকান টাকারের নেতৃত্বাধীন আইরিশরা চলতি বিশ্বকাপের সর্বোচ্চ স্কোর গড়ে ওমানকে একপ্রকার উড়িয়ে দিয়েছে। শনিবার অনুষ্ঠিত ম্যাচে আয়ারল্যান্ড ৯৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ওমানকে।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। এই আসরে এ পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ পঞ্চমবারের মতো কোনো দল দুইশর বেশি রান করল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়েছিল আইরিশরা। পাওয়ার প্লেতে ৪৭ রানে ৩ উইকেট হারানো দল ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক লরকান টাকার।

টাকারের সঙ্গে গ্যারেথ ডিলানির জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তবে শেষদিকে জর্জ ডকরেলের বিধ্বংসী ব্যাটিং স্কোরটিকে পাহাড়সম উচ্চতায় নিয়ে যায়। ডকরেল ও টাকারের মধ্যে মাত্র ১৯ বলে ৭০ রানের জুটি গড়ে ওঠে, যার রান রেট ছিল ২২.১০—যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।

অধিনায়ক টাকার অবশ্য সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থেকে ৯৪ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। আইরিশরা তাদের ইনিংসের শেষদিকের ওভারগুলোতে তুলে নেয় ৯৩ রান, যা বিশ্বকাপের ইতিহাসে ডেথ ওভারে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড।

২৩৬ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ওমান কখনোই জয়ের ধারায় ছিল না। জশ লিটলের দুর্দান্ত বোলিং তোপে পড়ে মাত্র ১৩৯ রানেই গুটিয়ে যায় ওমানের ইনিংস। ওমান ১৮ ওভার পর্যন্ত টিকে ছিল।