ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করল ভারত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০১:১৯ এএম
ছবি: সংগৃহীত

সবার আগ্রহের কেন্দ্রে থাকা ভারত–পাকিস্তান ম্যাচটি শেষ পর্যন্ত প্রত্যাশার উত্তাপ ছড়াতে পারেনি। টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের বহুল আলোচিত এই ম্যাচটি একপেশে হয়ে ওঠে। পাকিস্তানকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।

এই জয়ে তিন ম্যাচ শেষে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে রয়েছে ভারত। চার পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে পাকিস্তান। তাদের ঠিক ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র।

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার করা প্রথম ওভারেই সাজঘরে ফেরেন সাহিবজাদা ফারহান। পরের ওভারে জাস্প্রিত বুমরাহ আউট করেন সাইম আইয়ুব ও সালমান আলী আগাকে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই বাবর আজমও ফিরে গেলে চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান।

এরপর উসমান খান ও শাদাব খান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ব্যবধান কমানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস থামে ১১৪ রানে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন উসমান খান। শাদাব খান করেন ১৪ রান। এছাড়া ফাহিম আশরাফ ১০ ও শাহিন আফ্রিদি ২৩ রান করেন। বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

এর আগে কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। প্রথম ওভারেই বল হাতে এসে ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে শূন্য রানে আউট করেন তিনি।

দ্বিতীয় উইকেটে তিলক ভার্মাকে নিয়ে চাপ সামাল দেন ইষাণ কিষাণ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। মাত্র ২৭ বলে অর্ধশতক পূর্ণ করেন ইষাণ। সেঞ্চুরির সুযোগ থাকলেও সাইম আইয়ুবের বলে আউট হন তিনি। ৪০ বলে খেলা ৭৭ রানের ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও তিনটি ছয়ে।

এরপর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব ৩৭ রানের জুটি গড়েন। সাইম আইয়ুবের বলে ২৪ রানে আউট হন তিলক। পরের বলেই হার্দিক পান্ডিয়াও সাজঘরে ফেরেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত।