ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পায়ের নিচের ট্রফিই কি কাল হলো অজিদের?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০২:১৪ পিএম
অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

২০২৩ সালের ১৯ নভেম্বর, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারিতে তখন নীরবতা। রোহিত শর্মাদের চোখে জল আর ড্রেসিংরুমে অস্ট্রেলিয়ার উল্লাস। ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মুকুট পরেছিল অজিরা।

কিন্তু সেই জয়ের আনন্দের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছিল শিরোপা জয়ের পর মিচেল মার্শের একটি বিতর্কিত ছবি।

বিশ্বকাপ ট্রফিটি সামনে রেখে তার ওপর পা তুলে দিয়ে হাতে বিয়ারের বোতল নিয়ে মার্শের সেই উদযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আসতেই ঝড় ওঠে সমালোচনা। ক্রিকেটভক্ত থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা—সবাই ট্রফিকে অসম্মান করার জন্য মার্শকে ধুয়ে দিয়েছিলেন।

সেই ঘটনার পর দুই বছরের বেশি সময় পেরিয়ে গেছে। মিচেল মার্শ হয়তো সমালোচনাগুলো ভুলে গেছেন, কিন্তু ক্রিকেট বিধাতা যেন সেই ‘অসম্মান’ ভুলে যাননি! ট্রফির ওপর পা রাখার সেই বিষাদময় উদযাপনই যেন অস্ট্রেলিয়ার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তারপর থেকে আইসিসির বৈশ্বিক মঞ্চে নিজেদের হারিয়ে খুঁজছে ক্রিকেটবিশ্বের পরাশক্তিরা।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়া মোট চারটি আইসিসি টুর্নামেন্টে অংশ নিয়েছে। ফলাফল? একটিতেও শিরোপার স্বাদ পায়নি তারা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (২০২৩-২৫) : ফাইনালে উঠলেও দক্ষিণ আফ্রিকার কাছে হার মেনে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় প্যাট কামিন্সদের।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ : ২০২১ সালের চ্যাম্পিয়নরা এবার সুপার এইট থেকেই বিদায় নেয়।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি : ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই যাত্রা থেমে যায়।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ : গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে লজ্জার রেকর্ড গড়েছে মার্শের দল। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্বেই তারা ছিটকে গেছে।

গতকাল জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় নিশ্চিত হয়ে যায়, এবারের আসরে আর সুপার এইটে ওঠা হচ্ছে না অজিদের।

অস্ট্রেলিয়ার এমন ভরাডুবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে মার্শের সেই বিতর্কিত উদযাপন। নেটিজেনদের একটি বড় অংশের মতে, ট্রফিকে অসম্মান করার ফলই পাচ্ছে অস্ট্রেলিয়া। কেউ কেউ বলছেন, অতিরিক্ত অহংকারের পতন হয়েছে।

তবে এই দুঃসময়ে অস্ট্রেলিয়ার চেয়ে বেশি আলোচনায় ভারতীয় ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট ও মিমের মাধ্যমে ভারতীয় সমর্থকরা নিজেদের স্বস্তি ও খুশির বিষয়টি প্রকাশ করছেন। তাদের মতে, ট্রফির ওপর পা রাখলে এমনই হয়!

বিশ্বকাপজয়ী অজিদের এমন করুণ দশা প্রমাণ করে, খেলায় পারফরম্যান্সই শেষ কথা নয়, প্রতিপক্ষ এবং ট্রফির প্রতি সম্মান প্রদর্শনও সমান জরুরি। অস্ট্রেলিয়া এখন সেই 'সম্মান' না দেখানোর মাশুল দিচ্ছে কি না, তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে।