ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৩:২৭ পিএম
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরে বড় কোনো অঘটন ঘটানোর স্বপ্ন নিয়ে আজ মাঠে নেমেছিল ইতালি। ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে দুর্দান্ত লড়াই করা ইতালি আজ ওয়েস্ট ইন্ডিজকেও চেপে ধরার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু শামার জোসেফের রেকর্ডগড়া ফিল্ডিং আর বোলিং তোপে শেষ পর্যন্ত ১২৩ রানেই থামতে হয় তাদের।

টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ইডেন গার্ডেন্সের ব্যাটিংবান্ধব উইকেটে শুরুটা চলনসই ছিল ওয়েস্ট ইন্ডিজের। অধিনায়ক শাই হোপের দায়িত্বশীল ৪৬ বলে ৭৫ রানের ইনিংসের ওপর ভর করে ৬ উইকেটে ১৬৫ রান তোলে তারা। 

এ ছাড়া রোস্টন চেজ ও শেরফান রাদারফোর্ড দুজনেই ২৪ রান করে অপরাজিত থাকেন। ইতালির নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে শেষ ১০ ওভারে মাত্র ৮৯ রান তুলতে সক্ষম হয় ক্যারিবীয়রা।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইতালি। পাওয়ার প্লের মধ্যেই ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। মস্কা ভাইদের (জাস্টিন ও অ্যান্থনি) জুটি দ্রুত ভাঙার পর ইতালির কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। 

ছয়ে নামা বেন মানেন্তি (২৬) দলের পক্ষে সর্বোচ্চ রান করেন। ইতালির কোনো জুটিতেই ২৫ রানের বেশি না ওঠায় ১৮ ওভারে ১২৩ রানেই অলআউট হয়ে যায় তারা।

আজকের জয়ের নায়ক পেসার শামার জোসেফ। বল হাতে মাত্র ৩০ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ফিল্ডার হিসেবে তালুবন্দি করেছেন চারটি ক্যাচ। এর মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি (ছেলে ও মেয়ে উভয় মিলিয়ে) ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে ৪ উইকেট ও ৪টি ক্যাচ নেওয়ার অবিশ্বাস্য রেকর্ড গড়লেন তিনি।