ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আসিফ নজরুল এভাবে মিথ্যা বলবেন ভাবিনি : সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৫:১১ পিএম
মোহাম্মদ সালাউদ্দিন। ছবি : সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার দাবি, বিশ্বকাপ ইস্যুতে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সঠিক তথ্য উপস্থাপন করেননি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সালাউদ্দিন বলেন, বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। 

সালাউদ্দিনের ভাষায়, একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। তিনি বলেন, উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবেন—আমরা এটা মানতে পারছি না।

তিনি আরও বলেন, পুরো পরিস্থিতির কারণে দলের দুইজন ক্রিকেটার মারাত্মক মানসিক ধাক্কা খেয়েছিলেন। আমার দুইটা খেলোয়াড় কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল তারা। তাদের আবার মাঠে ফিরিয়ে আনাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তার মতে, একটি দল গড়ে তুলতে বছরের পর বছর সময় লাগে, কিন্তু একটি ভুল সিদ্ধান্ত বা বিতর্ক মুহূর্তেই সেই দলকে ভেঙে দিতে পারে। তবুও কঠিন পরিস্থিতি সামলে খেলোয়াড়দের পুনরায় প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরানোকে তিনি নিজের কোচিং জীবনের অন্যতম বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন।

প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে আসিফ নজরুল বলেন, বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেটারদের যৌথ সিদ্ধান্ত। তিনি দাবি করেন, দেশের নিরাপত্তা ও মর্যাদার স্বার্থে ক্রিকেটাররা আত্মত্যাগের পথ বেছে নিয়েছেন।