ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:৩৯ পিএম
হাবিবুল বাশার সুমন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন আনল বিসিবি। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও  সাবেক অভিজ্ঞ নির্বাচক হাবিবুল বাশার সুমনকে  প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বিসিবির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তির মেয়াদ চলতি মাসেই শেষ হতে যাচ্ছে। 

বিসিবি সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কারণে লিপু আর এই দায়িত্বে থাকতে আগ্রহী নন এবং বোর্ডকে চুক্তিনামা নবায়ন না করার অনুরোধ জানিয়েছিলেন। তাঁর সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নতুন কাউকে খুঁজছিল বোর্ড। শেষ পর্যন্ত অভিজ্ঞতার বিচারে হাবিবুল বাশারকেই বেছে নিল বিসিবি।

হাবিবুল বাশার সুমন ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা আট বছর জাতীয় পুরুষ দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নারী দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন। 

২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্যানেলে পরিবর্তনের সময় তাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এরপর তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে কাজ শুরু করেন।