বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম আর নেই। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জাতীয় দলের এই নিয়মিত সদস্যের মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক আনুষ্ঠানিক শোকবার্তায় বিসিবি জানায়, মমতাজ বেগমের মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত। বিসিবি সভাপতি ও কার্যনির্বাহী কমিটি শেখ মেহেদী হাসান এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছে। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ জোহর নামাজের পর খুলনা বিভাগীয় স্টেডিয়ামে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
৩১ বছর বয়সী মেহেদী হাসান বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১১টি ওয়ানডে ও ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।


