ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিশির মোকাবিলায় ভারতের নতুন পদক্ষেপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৩:৪৫ পিএম
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আজ দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ভারতের মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে (চিপক) অনুষ্ঠিতব্য এই ম্যাচটি স্বাগতিক ভারতের জন্য এখন ‘ডু অর ডাই’ বা বাঁচা-মরার লড়াই। তবে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ জিম্বাবুয়ের চেয়েও ভারতীয় টিম ম্যানেজমেন্টকে বেশি ভাবিয়ে তুলছে রাতের চেন্নাইয়ের ‘শিশির’।

মাঠের শিশির বা ‘ডিউ ফ্যাক্টর’ যাতে টসের ভাগ্যকে ছাপিয়ে না যায়, সেজন্য এবার নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ)। যুক্তরাষ্ট্র থেকে বিশেষভাবে আমদানি করা হয়েছে ‘ডিউ কিউর’ নামক একটি অত্যাধুনিক রাসায়নিক উপাদান।

শিশির মোকাবিলায় বিশেষ পরিকল্পনা চেন্নাইয়ে সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের দিকে দিবা-রাত্রির ম্যাচে প্রচুর শিশির পড়ে। এতে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করা দলের বোলারদের জন্য বল গ্রিপ করা কঠিন হয়ে পড়ে এবং ব্যাটিং অনেক সহজ হয়ে যায়। 

এই বৈষম্য দূর করতেই মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবলেব্যবহৃত ‘ডিউ কিউর’ প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কীভাবে কাজ করবে এই প্রযুক্তি? মাঠকর্মীরা জানিয়েছেন, আউটফিল্ডে এই রাসায়নিক স্প্রে করার ফলে ঘাসের ওপর একটি অদৃশ্য আবরণের সৃষ্টি হবে। এতে ঘাসের পাতায় বায়ুমণ্ডলের আর্দ্রতা জমতে পারবে না। 

যদি পানি জমেও থাকে, তবে তা দ্রুত শোষিত হয়ে ঘাস শুকিয়ে যাবে। ফলে দ্বিতীয় ইনিংসেও বোলাররা শুকনো বলের সুবিধা পাবেন এবং স্পিনাররা বাড়তি টার্ন আদায় করতে পারবেন।

ভারতের জন্য কঠিন সমীকরণ সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে আজ ভারতকে জিততেই হবে। হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে, জিম্বাবুয়ে সাম্প্রতিক সময়ে বড় দলগুলোকে চমকে দেওয়ার সামর্থ্য রাখায় সতর্ক অবস্থানে রয়েছে সূর্য বাহিনী।