ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আইসিসির মাসসেরা বাংলাদেশের সোবহানা মোস্তারি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৪:০৫ পিএম
সোবহানা মোস্তারি। ছবি : সংগৃহীত

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ গ্লোবাল কোয়ালিফায়ারে ব্যাট হাতে দুর্দান্ত দাপট দেখানোর পুরস্কার পেলেন সোবহানা মোস্তারি। আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের দুই তারকা ক্রিকেটারকে পেছনে ফেলে ২০২৬ সালের জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এই টপ-অর্ডার ব্যাটার।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করে। জানুয়ারির সেরা হওয়ার লড়াইয়ে সোবহানার সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস এবং যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার তারা নরিস। 

তবে পারফরম্যান্সের ধারাবাহিকতা ও ম্যাচের প্রভাবে বাকিদের চেয়ে যোজন যোজন এগিয়ে ছিলেন এই টাইগ্রেস ব্যাটার।

গ্লোবাল কোয়ালিফায়ারে বাংলাদেশকে অপরাজিত চ্যাম্পিয়ন করার পথে প্রধান কারিগর ছিলেন সোবহানা। টুর্নামেন্টের প্রথম ছয় ম্যাচে ৪৫.৬০ গড়ে তিনি সংগ্রহ করেন ২২৯ রান। বিশেষ করে টি-টোয়েন্টি সুলভ ব্যাটিংয়ে ১৪৫.৬৫ স্ট্রাইক রেটে রান তুলে টুর্নামেন্টজুড়ে আলাদা নজর কাড়েন তিনি।

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করার পেছনেও রয়েছে তার বড় অবদান। থাইল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ৩৯ রানের দাপুটে জয়ে মূল আসরের টিকিট পায় বাংলাদেশ। সেই ম্যাচে ৫৯ রানের এক অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরা হন সোবহানা। এরপর স্কটল্যান্ডের বিপক্ষেও তার ব্যাট থেকে আসে ৪৭ রানের কার্যকর এক ইনিংস।