ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কী ঘটবে বিসিবি সভাপতির ভাগ্যে?

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৭:২৫ পিএম
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেটপাড়া এখন যেন এক টানটান-ময় উত্তেজনা! জাতীয় নির্বাচনের পর পরই গত ১৬ ফেব্রুয়ারি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যখন হুট করেই ব্যাগ গুছিয়ে অস্ট্রেলিয়ার বিমানে উঠলেন, তখন অনেকেই ভেবেছিলেন এটি ‘সংক্ষিপ্ত সফর’।

কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সেই সফর ‘নিখোঁজ সংবাদে’ রূপ নিয়েছে। চারদিকে প্রশ্ন—বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল কি ফিরবেন, নাকি ডন ডার্লিং নদীর তীরে স্থায়ী বসতি গড়বেন?

অবশেষে সেই রহস্যের জট কিছুটা খুলেছেন বিসিবির সহ-সভাপতি ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তিনি জানান, সব ঠিক থাকলে ঈদের পরেই দেশের বিমানে উঠবেন বিসিবি সভাপতি।

বিসিবি সভাপতি পরিবারের সঙ্গে ক্যাঙ্গারুর দেশে  ইনজয় করলেও দেশের মাঠ কিন্তু বেশ গরম। দ্বিতীয় মেয়াদে তার বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান এবং সাবেক পরিচালক মাসুদুজ্জামানসহ আরও অনেকেই। 

শুধু কি তাই? বোর্ডের নীতিতে ক্ষুব্ধ হয়ে ৪৪টি ক্লাব সব ধরনের ক্রিকেট বর্জন করে বিদ্রোহ জারি রেখেছে। এছাড়াও ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান তো বোমা ফাটিয়ে বলে দিলেন, বর্তমান বোর্ডের বৈধতা নেই দেখেই তারা এবারের বিপিএলে নেই।

এদিকে, ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপে না খেলার ব্যর্থতার দায়ও এখন এসে পড়ছে বর্তমান বোর্ডের কাঁধে।

অন্যদিকে মাঠের বাইরের রাজনীতিও কিন্তু কম উত্তপ্ত নয়। মন্ত্রী হওয়ার আগে বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বারবার বোর্ডের বৈধতা নিয়ে আঙুল তুলছেন। 

বিশ্বস্ত সূত্র বলছে, যে  ৪৪টি ক্লাব সব ধরনের ক্রিকেট বর্জন করেছিল তাদের সবার দাবি একটাই—নতুন সরকারের অধীনে নতুন করে বিসিবি নির্বাচন।

এরইমধ্যে গুঞ্জন রটেছিল, আমিনুল ইসলাম বুলবুল আর দেশে ফিরবেন না, অস্ট্রেলিয়া থেকেই পদত্যাগপত্র পাঠাবেন। তবে বিসিবি পরিচালক আসিফ আকবর সেই গুঞ্জনে পানি ঢেলে দিয়ে জানান, এটি স্রেফ ফ্যামিলি টাইম।  অন্য কিছু না।

গতকাল ফারুক আহমেদও আসিফের সুরে সুর মিলিয়ে জানান,পদত্যাগের কোনো খবর আমার জানা নেই। আমি যতটুকু জানি, বিসিবি সভাপতি ঈদের পরেই দেশে আসবেন।