ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হিলির রাজকীয় বিদায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৪:২০ পিএম
অ্যালিসা হিলি। ছবি : সংগৃহীত

২২ গজে রূপকথা খুব কমই দেখা যায়, কিন্তু অ্যালিসা হিলি আজ রোববার (১ মার্চ) হোবার্টের বেলেরিভ ওভালে যা করলেন তাকে রূপকথা বললেও কম বলা হয়। ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচে ভারতের শক্তিশালী বোলিং আক্রমণকে তুলাধোনা করে ৯৮ বলে ১৫৮ রানের এক টর্নেডো ইনিংস খেললেন হিলি। 

গ্যালারিতে যখন হাজার হাজার দর্শক দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছেন, তখন ধারাভাষ্য কক্ষে বসে স্ত্রীর এই অবিস্মরণীয় মহাকাব্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন স্বামী ও অজি পেস তারকা মিচেল স্টার্ক।

এ দিন ম্যাচের শুরুতেই ছিল আবেগের ঘনঘটা। ক্যারিয়ারের শেষ ম্যাচে যখন ওপেন করতে নামছিলেন হিলি, তখন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর এবং তার দল মাঠের মাঝখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হিলিকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। 

দীর্ঘ ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে হারমানপ্রীত যখন হিলির সঙ্গে হাত মেলাচ্ছিলেন, তখন গ্যালারির দর্শকদের করতালিতে মুখরিত ছিল ঘরের মাঠ।

মাঠে নেমেই যেন ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার। মাত্র ৭৯ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর তিনি আরও আগ্রাসী হয়ে ওঠেন। ভারতের বোলিং আক্রমণকে দিশেহারা করে দিয়ে মাত্র ৯৫ বলে ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। 

২৭টি চার ও ২টি ছক্কায় সাজানো তার এই ১৫৮ রানের ইনিংসটি থামে ৩৭তম ওভারে স্নেহা রানার বলে রিভার্স সুইপ করতে গিয়ে।

এই ইনিংসের মাধ্যমে হিলির ওয়ানডে ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটল ১২৬ ম্যাচে ৩,৭৭৭ রানে, যার গড় ৩৭.০২ এবং এতে রয়েছে ৮টি সেঞ্চুরি ও ১৯টি হাফ সেঞ্চুরি।

হিলির এই মহাকাব্যিক ইনিংসের সাক্ষী হতে চ্যানেল সেভেনের ধারাভাষ্য কক্ষে উপস্থিত ছিলেন মিচেল স্টার্ক। হিলি যখন তার সেঞ্চুরি পূর্ণ করেন, তখন ক্যামেরার লেন্স বারবার স্টার্কের দিকে যাচ্ছিল। 

সেখানে এক গর্বিত স্বামীকে দেখা যায় নিঃশব্দে স্ত্রীর সাফল্য উপভোগ করতে। ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটি ক্রিকেটের সবথেকে জনপ্রিয় ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত।

এর আগে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে স্ত্রীর খেলা দেখার জন্য দক্ষিণ আফ্রিকা সফর মাঝপথে ছেড়ে দেশে ফিরেছিলেন স্টার্ক। আজ হিলির বিদায়ী বেলাতেও তার ব্যতিক্রম হলো না।