ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারী বিপিএলে থাকছে কি রংপুর-রাজশাহী?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৫:০২ পিএম
বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি : সংগৃহীত

দেশের নারী ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন করে আগামী এপ্রিলে মাঠে গড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘নারী বিপিএল’। তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৪ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই আসর।

বিসিবি সূত্রে জানা যায়, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ১৪ তারিখ অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে আইকন হিসেবে থাকছেন জাতীয় দলের তিন তারকা— নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি। এই তিনজনই তিনটি দলের নেতৃত্ব দেবেন। আইকন ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে ১০ লাখ টাকা।

আরও জানা যায়, ভেন্যু হিসেবে থাকবে মিরপুর শেরে-ই-বাংলা এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

এদিকে প্রথমবারের মত শুরু হতে যাওয়া এই টি-টোয়েন্টি লিগে ৩ ফ্র্যাঞ্চাইজি কারা হচ্ছে তা এখনো নিশ্চিত হয়নি।

তবে বিভিন্ন সূত্র বলছে, নারী বিপিএলে দল কিনতে ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স।