ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচক পদে আবেদন করলেন বাশার, ফিরতে পারেন নান্নুও

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৪:৩২ পিএম
হাবিবুল বাশার সুমন ও মিনহাজুল আবেদিন নান্নু। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের শূন্য থাকা দুটি পদ পূরণে চলছে নিয়োগ প্রক্রিয়া। আবেদনের শেষ দিনে আজ (৮ মার্চ) এ পদের জন্য আবেদন করার কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বর্তমানে বিসিবির নারী উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা বাশার নির্বাচক প্যানেলে ফেরা প্রসঙ্গে বলেন, আমি তো বাইরের কেউ নই, ইন-হাউজেরই মানুষ। এখনো ক্রিকেট বোর্ডের সঙ্গেই আছি। তাই বিষয়টা আমার জন্য একটু ভিন্ন। আমি আজ আবেদন জমা দেব। বিসিবি যাকে যোগ্য মনে করবে, তাকেই দায়িত্ব দেবে।

প্রধান নির্বাচক হওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি আরও বলেন, বোর্ড বিজ্ঞপ্তি দিয়েছে এবং সবার কাছ থেকেই আবেদন নেওয়া হচ্ছে। সেখান থেকেই যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে।

বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় সম্প্রতি নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আব্দুর রাজ্জাক। অন্যদিকে, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্যানেলে বর্তমানে একমাত্র সদস্য হিসেবে রয়েছেন হাসিবুল হোসেন শান্ত। ফলে দ্রুতই এই শূন্যতা পূরণে উদ্যোগী হয়েছে বোর্ড।

এদিকে, সাবেক এই প্যানেলের আরেক পরিচিত মুখ ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও এর আগে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, বিসিবির দেওয়া শর্তাবলী ও সুযোগ-সুবিধা পছন্দসই হলে তিনিও এই পদের জন্য আবেদন করতে পারেন।

বিসিবি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া সব আবেদন যাচাই-বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকা করা হবে। সেখান থেকেই নতুন নির্বাচক প্যানেল গঠন করা হবে এবং প্যানেলের একজনকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হবে।