ভারতীয় ক্রিকেট তারকা পৃথ্বী শ তার ব্যক্তিগত জীবনের এক নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ে পা রাখলেন। দীর্ঘদিনের প্রেমিকা আকৃতি আগরওয়ালের সঙ্গে বাগদান সারলেন ২৬ বছর বয়সী এই মারকুটে ওপেনার।
আজ রবিবার (৮ মার্চ) এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই শুভ কাজ সম্পন্ন হয়। সোশ্যাল মিডিয়ায় আংটি বদলের ছবি শেয়ার করে ভক্তদের এই আনন্দঘন সংবাদটি জানান তিনি।
রবিবার বিকেলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাগদানের একাধিক ছবি পোস্ট করেন পৃথ্বী। ছবিগুলোতে দেখা যায়, হাঁটু গেড়ে বসে প্রথাগত রোমান্টিক ভঙ্গিতে আকৃতিকে আংটি পরিয়ে দিচ্ছেন তিনি।
অপর একটি ছবিতে আকৃতিকেও পৃথ্বীর আঙুলে আংটি পরিয়ে দিতে দেখা যায়। মুহূর্তগুলো ভাগ করে নিয়ে ছবির ক্যাপশনে পৃথ্বী ক্রিকেটীয় ঢঙে লেখেন, মাঠের ছক্কা থেকে শুরু করে মাঠের বাইরের এক জীবনের হিট। ও-ই আমার পারফেক্ট ইনিংস!
পৃথ্বীর এই পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সতীর্থ ক্রিকেটার থেকে শুরু করে অগণিত ভক্ত তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। পৃথ্বীর আইপিএল ফ্র্যাঞ্চাইজি 'দিল্লি ক্যাপিটালস'ও এই জুটিকে অভিনন্দন জানিয়ে বিশেষ বার্তা পাঠিয়েছে।


