ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কিউই বোলারদের ওপর ভারতীয় ব্যাটারদের তাণ্ডব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৮:৫৯ পিএম
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনালে নিউজিল্যান্ডের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছে ভারতের টপ অর্ডার ব্যাটাররা। অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন ও ইশান কিষাণের বিধ্বংসী হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগোচ্ছে টিম ইন্ডিয়া। 

আজ রোববার (৮ মার্চ) এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২০৪ রান।

ম্যাচের শুরু থেকেই কিউই পেসারদের ওপর চড়াও হন ভারতের দুই ওপেনার। বিশেষ করে বাঁহাতি ব্যাটার অভিষেক শর্মা এদিন ছিলেন অপ্রতিরোধ্য। মাত্র ১৮ বলে অর্ধশতরান পূর্ণ করে তিনি ভারতীয় ইনিংসের ভিত গড়ে দেন। ৬টি চার ও ৩টি ছক্কায় সাজানো এই ঝোড়ো ইনিংস খেলে অভিষেক বিদায় নিলেও অপরপ্রান্তে অবিচল ছিলেন সাঞ্জু স্যামসন।

পাওয়ার প্লের ৬ ওভারেই ভারত কোনো উইকেট না হারিয়ে ৯২ রান সংগ্রহ করে। স্যামসন কিছুটা দেখেশুনে খেললেও ৩৩ বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কার মার।

তিনে নামা ইশান কিষাণ এদিন শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। বোলারদের থিতু হওয়ার কোনো সুযোগ না দিয়ে একের পর এক বল সীমানা ছাড়া করেন তিনি। মাত্র ২৩ বলে হাফ সেঞ্চুরি আদায় করে ভারতকে ১৫ ওভারেই ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন এই উইকেটরক্ষক ব্যাটার। ১৫ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ২০৩ রান।

তবে রানের গতি যখন আকাশচুম্বী, ঠিক তখনই নিউজিল্যান্ডের হয়ে দৃশ্যপটে হাজির হন অলরাউন্ডার জিমি নিশাম। ইনিংসের ১৫তম ওভারে বল হাতে ম্যাজিক দেখান তিনি। মাত্র ১ রান খরচ করে তুলে নেন গুরুত্বপূর্ণ ৩টি উইকেট। নিশামের এই নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতের বিশাল স্কোরের পথে কিছুটা বাধা হয়ে দাঁড়ায় কিউইরা।

বল হাতে নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত জিমি নিশাম ৩টি এবং রচিন রবীন্দ্র ১টি উইকেট শিকার করেছেন।