ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘কথায় নয় কাজেই বিশ্বাসী’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৯:২৩ পিএম
আফঈদা খন্দকার। ছবি : সংগৃহীত

সাফ জয়ের পর সাবিনা খাতুন পরবর্তী যুগে বাংলাদেশ নারী ফুটবল দলের নেতৃত্বের ব্যাটন এখন আফঈদা খন্দকারের হাতে। রক্ষণভাগের অতন্দ্র প্রহরী হিসেবে তার প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই। তবে এশিয়ান কাপের মূল পর্বে উত্তর কোরিয়ার বিপক্ষে শেষ ম্যাচে রক্ষণের কিছুটা নড়বড়ে অবস্থা এবং প্রথমার্ধের যোগ করা সময়ে হজম করা গোলগুলো নিয়ে কিছুটা সমালোচনা তৈরি হয়েছিল। 

৫-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার সেই স্মৃতি পেছনে ফেলে এবার উজবেকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রবিবার (৮ মার্চ) পার্থে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আলোচনার কেন্দ্রে ছিলেন অধিনায়ক আফঈদা। সাধারণত সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলারের পাশে চুপচাপ বসে থাকতেই পছন্দ করেন এই ডিফেন্ডার। 

প্রশ্ন করা হলে উত্তর দেন এক-দুই বাক্যে। তার এই স্বল্পভাষী স্বভাবের কারণে অবধারিতভাবেই উঠে আসে একই জেলা সাতক্ষীরার সন্তান মুস্তাফিজুর রহমানের নাম। বাংলাদেশ ক্রিকেটের এই তারকা পেসারের মতো আফঈদাও কি 'মিতভাষী' হওয়ার পথ বেছে নিয়েছেন?

এমন প্রশ্নের জবাবে বেশ শান্ত ভঙ্গিতেই আফঈদা বলেন, আসলে ওভাবে আমি অনুসরণ করি না। মুস্তাফিজুর ভাই যে অবস্থানে আছেন, উনি উনার জায়গায় সেরা। আমি ওভাবে ক্রিকেট খেলাও দেখি না। 

আমার কাছে মনে হয় যে কথার চেয়ে কাজ আগে করা ভালো। কথা বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু কাজে অনেক কিছু করা সম্ভব হয় না। তো কাজ করে দেখালে আর কী, কথা না বললেও চলে।

সিডনি ও পার্থের মাঠের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে আমাদের যদি দেশের মাঠগুলো ভালো থাকে, তাহলে আমরা আরও ভালো প্র্যাকটিস করতে পারব, আমাদের সুবিধা হবে। আমাদের দেশে একটা ভালো মাঠের খুব প্রয়োজন। সেটি যদি খুব তাড়াতাড়ি করা হয় তবে দেশের ফুটবলের জন্য সেটি অনেক ভালো হবে।