মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা ও উদ্ভূত পরিস্থিতির কারণে চলতি মাসের শেষদিকে কাতারের দোহায় নির্ধারিত আইসিসি বোর্ড এবং কমিটির বৈঠকগুলো স্থগিত করা হয়েছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৫ থেকে ২৭ মার্চের মধ্যে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আকাশপথের নিরাপত্তা এবং সার্বিক ঝুঁকি বিবেচনায় নিয়ে আপাতত এই সম্মেলন আয়োজন থেকে পিছিয়ে এসেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আইসিসি সূত্রে জানা গেছে, সশরীরে উপস্থিত হতে না পারলেও কার্যক্রম পুরোপুরি থেমে থাকছে না। বিশেষ করে আইসিসির অর্থ কমিটির (ফাইনান্স কমিটি) মতো গুরুত্বপূর্ণ কিছু বৈঠক আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভার্চুয়ালি সম্পন্ন করা হবে।
তবে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং আকাশপথ চলাচলের জন্য নিরাপদ হলে, আগামী এপ্রিল মাসে পুনরায় সশরীরে বৈঠক ডাকার সম্ভাবনা নাকচ করে দেয়নি আইসিসি।
দোহায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বড় সিদ্ধান্তের কথা ছিল। এর মধ্যে অন্যতম হলো ২০২৭ সালে জিও-স্টারের সাথে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পরবর্তী বৈশ্বিক সম্প্রচার স্বত্ব নিয়ে প্রাথমিক আলোচনা।
এছাড়া ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির পর সেটির যোগ্যতা অর্জনের প্রক্রিয়া বা কোয়ালিফিকেশন মেথড নিয়েও চূড়ান্ত রূপরেখা আসার কথা ছিল এই সভায়।
একই সাথে ক্রিকেটের পরবর্তী চার বছরের ভবিষ্যৎ সফরসূচি বা ফিউচার ট্যুর প্রোগ্রাম নিয়ে আনুষ্ঠানিক আলাপ শুরুর পরিকল্পনা ছিল।


