মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে নাহিদ রানার গতির মুখে দিশাহারা হয়ে পড়েছে পাকিস্তান।
আজ বুধবার (১১ মার্চ) সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য মন্দ ছিল না পাকিস্তানের। ওপেনিংয়ে নেমে শাহেবজাদা ফারহান ও মাজ সাদাকাত প্রথম ৯ ওভারে কোনো উইকেট না হারিয়েই সংগ্রহ করেন ৩৫ রান।
তবে ইনিংসের দশম ওভারে বল হাতে এসেই দৃশ্যপট বদলে দেন নাহিদ রানা। নিজের প্রথম ওভারের প্রথম চার বলে ৬ রান দিলেও পঞ্চম বলটি ডট দেন এবং শেষ বলে উইকেট তুলে নেন।
ব্যক্তিগত ২৭ রানে (৩৮ বল) আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শাহেবজাদা ফারহান। ১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৪১ রান।
প্রথম পাওয়ার প্লে শেষ হতেই আরও বিধ্বংসী হয়ে ওঠেন নাহিদ। টানা চার ওভারে আরও ৪টি উইকেট তুলে নিয়ে পাকিস্তানের টপ ও মিডল অর্ডার একাই ধসিয়ে দেন এই পেসার।
একে একে তার শিকারে পরিণত হন শাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামাইল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৮ ওভার শেষে ৫ উইকেটে ৬৯ রান। বাংলাদেশের পক্ষে ৫ ওভারে মাত্র ১৮ রান খরচ করে ৫টি উইকেট শিকার করেছেন নাহিদ রানা।



