বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদে দাখিল করা এক অভিযোগে তামিম ইকবাল ও তার সহযোগীরা বিসিবি নির্বাচনে ব্যাপক জালিয়াতি এবং কাউন্সিলর মনোনয়নে ক্ষমতার অপব্যবহারের কথা উল্লেখ করেন।
সেই অভিযোগ আমলে নিয়ে এনএসসি এই তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দপ্তরে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামানকে। কমিটির অন্য সদস্যরা হলেন— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক এটিএম সাইদুজ্জামান এবং ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট।
জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, কমিটি বিসিবি নির্বাচনে অনিয়ম ও কারসাজি সংক্রান্ত প্রাপ্ত অভিযোগগুলো গভীরভাবে পর্যালোচনা করবে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ক্লাব, সংস্থা বা অভিযুক্ত ব্যক্তিদের তলব করে ব্যাখ্যা শোনার ক্ষমতাও দেওয়া হয়েছে এই কমিটিকে। এছাড়া ভবিষ্যতে কাউন্সিলর মনোনয়ন ও নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করতে প্রয়োজনীয় সুপারিশও প্রদান করবে তারা।
২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে জয়ী হয়ে বর্তমান পরিচালনা পর্ষদ গঠন করেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তার নেতৃত্বে বোর্ড প্রায় ৬ মাস অতিবাহিত করার পর এই তদন্ত প্রক্রিয়া শুরু হলো।


