ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইনজুরিতে মাঠের বাইরে ধোনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১২:১১ পিএম
মহেন্দ্র সিং ধোনি। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসর শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। পায়ের পেশির চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে দলটির সবচেয়ে বড় তারকা মহেন্দ্র সিং ধোনিকে। টুর্নামেন্টের উদ্বোধনী সকালেই এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি এই দুঃসংবাদ নিশ্চিত করেছে।

সিএসকে কর্তৃপক্ষ জানিয়েছে, ধোনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। দ্রুত সেরে ওঠার জন্য তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে চোটের কারণে টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলোতে দলের এই অভিজ্ঞ সেনানীকে ছাড়াই মাঠে নামতে হবে চেন্নাইকে। 

আগামী ৩০ মার্চ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে চেন্নাই।

চলতি বছর ৪৫ বছরে পা দিতে যাওয়া ধোনি আইপিএল ইতিহাসের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। এখন পর্যন্ত টুর্নামেন্টে রেকর্ড ২৭৮টি ম্যাচ খেলেছেন তিনি। 

গত কয়েক বছর ধরে হাঁটুর ইনজুরি সঙ্গী করেই আইপিএলের আঙিনায় বিচরণ করছেন এই কিংবদন্তি। ইনজুরি সত্ত্বেও ২০২৩ সালে দলকে পঞ্চম শিরোপা জিতিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। তবে এবারের আসরের শুরুতেই পেশির টান তাকে মাঠের বাইরে পাঠিয়ে দিল।