ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর লড়াকু ব্যাটিং আর পেসার হাসান আলীর দুর্দান্ত বোলিংয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটরসকে হারিয়ে পিএসএল ২০২৬ আসরে শুভ সূচনা করল করাচি কিংস।
গতকাল শুক্রবার (২৭ মার্চ) লাহোরে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ম্যাচে কোয়েটাকে ১৪ রানে হারিয়েছে করাচি। মঈন আলীর অপরাজিত ৪৮ রান এবং হাসান আলীর চার উইকেটে ভর করে জয় তুলে নেয় দলটি।
টস জিতে করাচিকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন কোয়েটা অধিনায়ক সৌদ শাকিল। শুরুতেই ওপেনার মুহাম্মদ ওয়াসিমকে শূন্য রানে ফিরিয়ে দারুণ সূচনা করে গ্ল্যাডিয়েটরসরা। তবে তিনে নামা সালমান আঘা ও অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার দ্রুত রান তুলে পাল্টা আক্রমণ শুরু করেন।
ওয়ার্নার ৩৫ রান করে বিদায় নেওয়ার পর করাচির মিডল অর্ডার কিছুটা খেই হারিয়ে ফেলে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে ১০৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে করাচি।
সেই কঠিন সময়ে ক্রিজে এসে দলের হাল ধরেন মঈন আলী। ইনিংসের শুরুতে কিছুটা ধীরগতিতে খেললেও সময়ের সাথে সাথে চড়াও হন বোলারদের ওপর। বিশেষ করে শেষ দিকে টম কারান ও আলজারি জোসেফকে সীমানাছাড়া করে দলের স্কোর টেনে নেন তিনি।
মঈনের ২৯ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৮১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় করাচি কিংস। কোয়েটার পক্ষে আহমেদ দানিয়াল তিনটি ও জোসেফ দুটি উইকেট নেন।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবিশ্বাস্য শুরু করেন কোয়েটার দুই ওপেনার সৌদ শাকিল ও ২১ বছর বয়সী তরুণ শামিল হোসেন। অভিষেক ম্যাচেই বিধ্বংসী রূপ ধারণ করেন শামিল, মাত্র ২১ বলে পূর্ণ করেন অর্ধশতক।
পাওয়ারপ্লের ছয় ওভার শেষে বিনা উইকেটে ৭৫ রান তুলে ম্যাচ প্রায় নিজেদের পকেটে পুরে নিয়েছিল কোয়েটা। তবে অ্যাডাম জাম্পা ও সালমান আঘা বোলিংয়ে আসতেই বদলে যায় দৃশ্যপট।
জাম্পার করা এক দুর্দান্ত গুগলি খাজা নাফায়কে বিভ্রান্ত করলে রানের গতিতে ভাটা পড়ে। এরপর স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাঝের ওভারগুলোতে চাপে পড়ে কোয়েটা।
অধিনায়ক সৌদ শাকিল ৩৩ রান করে মঈন আলীর শিকার হয়ে ফিরলে কোয়েটার ছন্দপতন ঘটে। শেষ দিকে হাসান আলী তোপ দিশেহারা হয়ে পড়ে কোয়েটার ব্যাটিং লাইেআপ। একে একে হাসান নেওয়াজ ও টম কারানকে ফিরিয়ে দিয়ে কোয়েটার জয়ের স্বপ্ন ধূলিসাৎ করে দেন তিনি।
শেষ ওভারে জয়ের জন্য ৩০ রান দরকার হলেও বেন ম্যাকডারমট সেই ব্যবধান শুধু কমাতে পেরেছেন, হার এড়াতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর
করাচি কিংস: ১৮১/৭ (২০ ওভার); মঈন ৪৮*, ওয়ার্নার ৩৫। দানিয়াল ৩/৩৬।
কোয়েটা গ্ল্যাডিয়েটরস: ১৬৭/৭ (২০ ওভার); শামিল ৫২, শাকিল ৩৩। হাসান ৪/২৭।
ফল: করাচি কিংস ১৪ রানে জয়ী।



