ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আজ তামিমের সঙ্গে দেখা করবে কোয়াব সদস্যরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০১:৪৮ পিএম
ছবি : সংগৃহীত

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করেছে। নতুন গঠিত অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দেশের সাবেক সফল ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। 

দায়িত্ব গ্রহণের পর আজ বুধবার (৮ এপ্রিল) নবনিযুক্ত বিসিবি প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিনিধিরা।

জানা গেছে, কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ তামিম ইকবালের সঙ্গে দেখা করবেন। এই দলে জাতীয় দলের বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হক এবং শামসুর রহমান শুভর থাকার কথা রয়েছে। 

আরও জানা যায়, বিসিবির নতুন শীর্ষ নেতৃত্বকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রিকেটের সার্বিক উন্নয়ন নিয়ে প্রাথমিক আলোচনা করবেন তারা।

সাক্ষাতকালে কোয়াবের পক্ষ থেকে ঘরোয়া ক্রিকেটের বর্তমান পরিস্থিতি এবং খেলোয়াড়দের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। বিশেষ করে দেশের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দ্রুততম সময়ে মাঠে গড়ানো এবং প্রথম শ্রেণির ক্রিকেটের নতুন মৌসুম শুরুর বিষয়ে তামিম ইকবালের হস্তক্ষেপ কামনা করবেন ক্রিকেটাররা। 

এদিকে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির কার্যক্রমও আজ থেকেই পূর্ণ উদ্যমে শুরু হতে যাচ্ছে। কোয়াব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর আজ সন্ধ্যায় বিসিবির নতুন বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।