ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিসিবিকে নিয়ে সংসদে যা বললেন হাসনাত আবদুল্লাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৪:৪৭ পিএম
হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অ্যাডহক কমিটিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 

বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬’ উত্থাপনের আবেদন করলে তার প্রেক্ষিতে আপত্তি জানিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

বিসিবির সাম্প্রতিক পরিবর্তন ও বর্তমান প্রশাসনিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, বিসিবিকে যেভাবে দখল করা হয়েছে তাতে এটি আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই, এটি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়ে গেছে।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক ও বিসিবির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে নগ্নভাবে রাষ্ট্রীয়করণ করা হয়েছে।

মানবাধিকার কমিশনের অতীত ভূমিকার সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, বিগত সময়ে মানবাধিকার কমিশনকে বিরোধী দল ও মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। গুম-খুনের বৈধতা দেওয়া এবং ভিকটিম ব্লেমিংয়ের (ভুক্তভোগীকে দোষারোপ) জন্য এই প্রতিষ্ঠানকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, জুলাই গণঅভ্যুত্থানের কার্যক্রমগুলো নিরীক্ষণের দায়িত্ব যদি আবারও কোনো মন্ত্রণালয়ের অধীনস্থ কমিশনের হাতে ন্যস্ত করা হয়, তবে তাদের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উঠবে। 

তিনি সতর্ক করে বলেন, আমরা যদি প্রস্তাবিত বিলের সঠিক বাস্তবায়ন চাই, তবে জাতীয় মানবাধিকার কমিশনকে অবশ্যই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করতে হবে। অন্যথায় কোনো নিরপেক্ষ অনুসন্ধান পাওয়া সম্ভব হবে না।