টানা হার আর ইনজুরি জটলায় বিপর্যস্ত কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে অবশেষে স্বস্তির খবর এসেছে। আইপিএলের ১৯তম আসরে নিজেদের ভাগ্য বদলাতে লঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে পাচ্ছে তিনবারের চ্যাম্পিয়নরা।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) থেকে অনাপত্তি পত্র (এনওসি) পাওয়ার পর পাথিরানা এখন কলকাতার স্কোয়াডে যোগ দিতে সম্পূর্ণ প্রস্তুত।
জানা যায়, ডানহাতি এই গতিদানব সরাসরি চেন্নাইতে নাইট রাইডার্স শিবিরে যোগ দেবেন। নিলামে ১৮ কোটি টাকার বিশাল অঙ্কে তাকে দলে ভেড়ায় কেকেআর।
আইপিএল ২০২৬-এ কলকাতার শুরুটা হয়েছে অত্যন্ত হতাশাজনকভাবে। এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোর মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টসের কাছে হার মেনেছে তারা।
একমাত্র পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে অজিঙ্কা রাহানের দল। এর মধ্যে হর্ষিত রানা ও আকাশ দীপের মতো গুরুত্বপূর্ণ পেসাররা ইনজুরিতে ছিটকে যাওয়ায় বোলিং বিভাগ কার্যত শক্তিহীন হয়ে পড়েছিল।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ শ্রীলঙ্কার হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন পাথিরানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৪ বল করেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
তবে এখন তিনি সুস্থ এবং কেকেআরের অবশিষ্ট ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে। রেকর্ড মূল্যের বিদেশি খেলোয়াড় ক্যামেরন গ্রিন প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় পাথিরানার ওপর নির্ভরতা এখন আরও বেড়েছে।
আগামী ১৪ এপ্রিল এম. এ. চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা। সাবেক দলের বিপক্ষে এই ম্যাচেই পাথিরানার অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে


