ক্রিকেট মাঠে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানানো বা তর্কে জড়ানোর ঘটনা নতুন নয়। তবে এবার মাঠের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আম্পায়ারকে মারার হুমকি দিয়ে শাস্তির মুখে পড়েছেন নেপালের তারকা অলরাউন্ডার কারান কেসি।
কারান কেসির বিতর্কিত মন্তব্যের জেরে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল (সিএএন)।
ঘটনাটি নেপালের ঘরোয়া টুর্নামেন্ট ‘পিএম কাপ’-এ। গত শুক্রবার বাগমাতি ও মাধেশ প্রদেশের মধ্যকার ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে বাগমাতির অধিনায়ক সন্দীপ লামিচানের সঙ্গে আম্পায়ারের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সেই ঘটনার একটি ছবি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ট্রল পেজে পোস্ট করা হয়।
উক্ত পোস্টের নিচে মন্তব্য করতে গিয়েই বিপত্তি ঘটান কারান কেসি। তিনি সেখানে কমেন্ট করেন, কোনো ক্রিকেটার যদি ভুলবশত একজন আম্পায়ারকে মারে, তখন তাকে কয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে?
এমন মন্তব্যকে ক্রিকেটারদের 'নিরাপত্তা ও জানার আগ্রহ' হিসেবে দাবি করলেও বিষয়টি মোটেও সহজভাবে নেয়নি নেপালের আম্পায়ার ও স্কোরার অ্যাসোসিয়েশন।
আম্পায়ারদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদের মুখে পড়ে নড়েচড়ে বসে নেপাল ক্রিকেট বোর্ড। যদিও পরবর্তীতে কারান কেসি দ্রুত ক্ষমা প্রার্থনা করেন, তবুও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রদান করা হয়।


