ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর ক্ষণগণনা শুরু হয়ে গেছে। আগামী শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াচ্ছে সিরিজের প্রথম ম্যাচ।
এই দ্বিপাক্ষিক লড়াইকে সামনে রেখে আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকেই মিরপুরে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে নিউজিল্যান্ড।
বিসিবি সূত্রে জানা যায়, সফরকারী নিউজিল্যান্ড দল আজ সকাল ১০টা নাগাদ মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে নামে। বৈশাখের তীব্র গরম উপেক্ষা করেই কিউই ক্রিকেটারদের দীর্ঘক্ষণ নেটে ঘাম ঝরাতে দেখা গেছে।
মূলত বাংলাদেশের কন্ডিশন ও স্পিন সহায়ক উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে স্যান্টনাররা। উপমহাদেশের কন্ডিশনে নিজেদের ঝালিয়ে নিতে বোলিং ও ব্যাটিং—উভয় বিভাগেই বাড়তি মনোযোগ দিচ্ছে ব্ল্যাকক্যাপসরা।
অন্যদিকে, স্বাগতিক বাংলাদেশ দল আজ দুপুর ২টায় অনুশীলনে নামার কথা রয়েছে। সিরিজের আগে নিজেদের রণকৌশল ও কম্বিনেশন ঠিক করতে আজকের সেশনটি টাইগারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
এর আগে মিরপুরের মূল মাঠে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে টিম বাংলাদেশ। সেখানে ব্যাটারদের ফর্ম ও বোলারদের লাইন-লেন্থ দেখে সন্তোষ প্রকাশ করেছে টিম ম্যানেজমেন্ট।


