অপ্রতিরোধ্য মেহেদী হাসান মিরাজ, অপ্রতিরোধ্য বাংলাদেশ। গত বছর হুট করে ওয়ানডে দলের নেতৃত্ব কাঁধে নিয়েছিলেন, আর এক বছর পেরোতেই যেন বদলে দিলেন দৃশ্যপট। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে অধিনায়ক হিসেবে হ্যাটট্রিক শিরোপা হাতে তুললেন এই টাইগার অলরাউন্ডার।
গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ও অলিখিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে এই জয়ে ঘরের মাঠে বাঘের গর্জন আরও একবার বিশ্বক্রিকেটে প্রতিধ্বনিত হলো।
সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে জয়ের রহস্য উন্মোচন করেন অধিনায়ক মিরাজ। তিনি জানান, সিরিজের প্রথম ম্যাচে হারের পর প্রতিটি ম্যাচকে তারা বাঁচা-মরার লড়াই হিসেবে দেখেছিলেন।
মিরাজ বলেন, অধিনায়ক হিসেবে আমি চিন্তা করেছি, হারলেই বাদ—মানসিকভাবে বিষয়টাকে আমি নক-আউট টুর্নামেন্টের মতো নিয়েছি। যেহেতু প্রথম ম্যাচ হেরে গিয়েছিলাম, দ্বিতীয় ম্যাচটি ছিল আমাদের জন্য শেষ সুযোগ। সেই জেদটাই আমাদের সিরিজ জিততে সাহায্য করেছে।
টানা তিনটি সিরিজ জয় একজন অধিনায়কের জন্য বিশাল প্রাপ্তি হলেও মিরাজ এটাকে দেখছেন দলীয় সাফল্য হিসেবে। তার ভাষায়, টানা তিনটি সিরিজ জয় অবশ্যই ভালো লাগার। তবে আমার কাছে মনে হয় ব্যক্তিগত অর্জনের চেয়ে বাংলাদেশ জিতছে এটাই অনেক বড় প্রাপ্তি। দল জিতলে সব পরিশ্রম সার্থক মনে হয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে এই বাঁচা-মরার লড়াইয়ে দলের সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। মুস্তাফিজুর রহমানের কাটার, লিটন দাসের ক্ল্যাসিক ব্যাটিং আর নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীলতা সহজ করে দিয়েছিল জয়ের পথ।
সতীর্থদের প্রশংসা করে মিরাজ আরও বলেন, তারা সবাই অভিজ্ঞ ক্রিকেটার, দীর্ঘদিন ধরে দেশের হয়ে খেলছেন। আমার মনে হয়, সঠিক সময়ে তারা সেরা পারফরম্যান্সটা শো করেছেন। যার সুফল দিন শেষে দল পেয়েছে।

