দীর্ঘদিনের টালমাটাল পরিস্থিতির পর অবশেষে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা। আজ বুধবার (২৯ এপ্রিল) তার সাথে বোর্ডের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সরাসরি অনুরোধেই এই সিদ্ধান্ত নিয়েছেন শাম্মি সিলভা। গত শুক্রবার প্রেসিডেন্টের সঙ্গে সিলভার এক বৈঠক হয়, যেখানে জনরোষ এড়াতে এবং বোর্ডের সম্মান রক্ষার্থে তাকে সম্মানজনক প্রস্থানের প্রস্তাব দেওয়া হয়।
মঙ্গলবার এক বিশেষ কমিটির সভায় পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর বুধবার তা কার্যকর করা হয়।
বোর্ড সূত্রে জানা যায়, সরকার এখন একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে। সাবেক সংসদ সদস্য এরান বিক্রমরত্নে এই কমিটির প্রধান হতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে।
এছাড়া ক্রিকেটে স্বচ্ছতা ও সংস্কার আনতে সিদাথ ওয়েটিমুনি এবং রোশান মহানামার মতো কিংবদন্তি ক্রিকেটারদের এই নতুন সেট-আপে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। তবে আইনি জটিলতার কারণে সরকার এখনই চূড়ান্ত কোনো ঘোষণা দেয়নি।
শাম্মি সিলভার বিদায় নিশ্চিত হলেও লঙ্কান ক্রিকেটে এখন বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞা। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ বা রাজনৈতিক প্রভাব সম্পূর্ণ নিষিদ্ধ।
এর আগে ২০২৩ সালেও সরকারি হস্তক্ষেপে বোর্ড ভেঙে দেওয়ায় শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি। এবারও যদি আইসিসি মনে করে যে এই পদত্যাগগুলো 'স্বেচ্ছায়' নয় বরং সরকারের চাপে হয়েছে, তবে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হতে পারে দেশটি।
উল্লেখ্য, ২০১৯ সালে দায়িত্ব নেওয়ার পর টানা চার মেয়াদে বোর্ড সভাপতির চেয়ারে ছিলেন শাম্মি সিলভা। তার সময়ে লঙ্কান ক্রিকেট বাণিজ্যিকভাবে লাভবান হলেও মাঠের পারফরম্যান্সে ছিল চরম বিপর্যয়।


