অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামার আগে ইংল্যান্ড ক্রিকেট দলকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা এবার ডালপালা মেলল ব্রিসবেন বিমানবন্দরে। শনিবার সকালে অ্যাডিলেডের উদ্দেশে রওনা হওয়ার সময় ইংল্যান্ড দলের এক নিরাপত্তা কর্মী এবং স্থানীয় এক ক্যামেরা অপারেটরের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
২-০ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ড দলের জন্য এই সিরিজ বাঁচানোর লড়াই চলছে, আর ঠিক এই সময়ে এই ধরনের ঘটনা মিডিয়ার মনোযোগ আরও বাড়িয়ে দিল।
তৃতীয় টেস্টের আগে মধ্য-সিরিজ বিরতি কাটিয়ে নুসা থেকে ব্রিসবেনে ফিরেছিল ইংল্যান্ড দল। এরপরই তাদের অ্যাডিলেডের বিমান ধরার কথা ছিল।
চ্যানেল সেভেনের প্রকাশিত ফুটেজে দেখা যায়, নিরাপত্তা কর্মী ক্যামেরা অপারেটরকে সজোরে সরিয়ে দিচ্ছেন। ওই ক্যামেরা অপারেটর খেলোয়াড়দের আরও কাছ থেকে চিত্রধারণ করার চেষ্টা করছিলেন।
এই ভ্রমণের সময়টাতেই ইংল্যান্ড দলের সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিশেষ করে ব্রিসবেনের গাবা স্টেডিয়ামে গত সপ্তাহে শোচনীয়ভাবে হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পর, তাদের 'বিশ্রামের' সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্দেশনা অনুযায়ী, অ্যাশেজ সিরিজ চলাকালীন মিডিয়াকে উভয় দলের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।
যদিও চ্যানেল সেভেন কর্তৃপক্ষ নির্দেশনা মেনে চলার দাবি করেছে, কিন্তু সিরিজের বর্তমান পরিস্থিতি ইংল্যান্ডের প্রতি মিডিয়ার স্বাভাবিক আকর্ষণ বহুগুণে বাড়িয়ে তুলেছে। সিরিজ বাঁচানোর জন্য দলকে পরবর্তী টেস্ট জিততেই হবে।
ঘটনার পর ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে তাদের নিরাপত্তা কর্মীদের 'হালকা হাতে' পরিস্থিতি সামলানোর নির্দেশ দিয়েছে, বিশেষ করে সমর্থকদের সেলফি চাওয়ার মতো অনুরোধের ক্ষেত্রে।


