ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ সালের মিনি নিলামে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।
আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে দলে ভিড়িয়েছে ২৫ কোটি ২০ লাখ রুপিতে, যা আইপিএল নিলামে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড।
গ্রিনের এই দামের মাধ্যমে কেকেআর ভাঙল নিজেদের আগের রেকর্ড, যা ২০২৪ সালে মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে স্থাপন করা হয়েছিল।
আইপিএলের ইতিহাসে ২০ কোটি রুপির গণ্ডি পেরোনো তৃতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার হলেন গ্রিন। এর আগে প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক এই মাইলফলক স্পর্শ করেছিলেন।
নতুন নিয়ম অনুযায়ী, গ্রিন পারিশ্রমিক হিসেবে সর্বোচ্চ ১৮ কোটি রুপি পাবেন, বাকি ৭ কোটি ২০ লাখ রুপি জমা হবে বিসিসিআই-এর বিশেষ তহবিলে।
ক্যামেরন গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২৯টি আইপিএল ম্যাচ খেলেছেন এবং ১৫৩.৬৯ স্ট্রাইক রেটে ৭০৭ রান করেছেন।
নিলামের শুরু থেকেই অলরাউন্ডারদের জন্য প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছিল। লিয়াম লিভিংস্টোনকে নিতে কোনো দল আগ্রহ দেখায়নি।
তবে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে কেকেআর ও আরসিবি মধ্যে তীব্র লড়াই হয়। শেষ পর্যন্ত ৭ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এই নিলাম কেকেআরের জন্য যেমন রেকর্ড, তেমনি আইপিএল নিলামে বড় অঙ্কের লেনদেন ও উত্তেজনার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।


