ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর মিনি নিলামে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান রেকর্ড দামে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজিটি তাকে কিনেছে ৯ কোটি ২০ লাখ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা।
প্রথম সেটের নিলামে ডাক না পেলেও হতাশ হতে হয়নি মোস্তাফিজকে। দ্বিতীয় সেটে প্রথমে তাকে দলে নিতে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। এরপর কলকাতা ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার লড়াইয়ে শেষ পর্যন্ত কেকেআরের হয়ে মোস্তাফিজকে নিলামে পাওয়া যায়।
বাংলাদেশিদের মধ্যে আইপিএলে মোস্তাফিজ এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন। এর আগে গত আসরে তিনি জ্যাক ফ্রেশার ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি দলে ৬ কোটি রুপিতে খেলেছিলেন, কিন্তু তখন তিনি পান ২ কোটি রুপির কম।
২০০৯ সালে কলকাতা মাশরাফি মর্তুজাকে ৬ লাখ ডলারে (প্রায় ৪ কোটি টাকার বেশি) কিনেছিল।
তবে এবার পুরো অর্থ মোস্তাফিজ পাবেন কি না, তা নিয়ে এখনো কিছু অনিশ্চয়তা রয়েছে। আইপিএলের সূচি এখনো প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে সংবাদমাধ্যমের দাবি, আসর শুরু হবে ২৬ মার্চ এবং শেষ হবে মে মাসের শেষে।
আইসিসি ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী, মার্চ-এপ্রিলে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। এ জন্য আইপিএলের পুরো আসরের জন্য মোস্তাফিজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেবে কি না, তা এখন আলোচনার বিষয়।


