ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নতুন মৌসুমে শিরোপার লড়াইয়ে তারকায় ঠাসা ফ্র্যাঞ্চাইজিগুলো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০১:৫৫ পিএম
আইপিএলের নিলাম। ছবি: সংগৃহীত

আইপিএলের সর্বশেষ নিলাম শেষ হয়েছে জমজমাট দরকষাকষি, চমকপ্রদ দলবদল আর বড় অঙ্কের অর্থ খরচের মধ্য দিয়ে। নিলাম ও আগেই ধরে রাখা খেলোয়াড়দের সমন্বয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের পূর্ণাঙ্গ দল গঠন সম্পন্ন করেছে। নতুন মৌসুমে শিরোপা দৌড়ে নামছে তারকায় ভরা ১০টি দল।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সবচেয়ে বড় সুখবর—তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এটি আইপিএল ইতিহাসে বাংলাদেশি কোনো ক্রিকেটারের সবচেয়ে বেশি দামে যোগ দেওয়া।

কলকাতা নাইট রাইডার্স: মোস্তাফিজ-গ্রিনে শক্ত বোলিং আক্রমণ

কেকেআর এবার নিলামে বড় বাজি ধরেছে। মোস্তাফিজের সঙ্গে দলে এসেছে ক্যামেরন গ্রিন (২৫.২০ কোটি) ও মাথিশা পাথিরানা (১৮ কোটি)। আগের স্কোয়াডে থাকা রিঙ্কু সিং, সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর সঙ্গে মিলিয়ে দলটি হয়ে উঠেছে ভারসাম্যপূর্ণ ও ভয়ংকর।

চেন্নাই সুপার কিংস: অভিজ্ঞতা ও তরুণের মিশেল

ঋতুরাজ গায়কোয়াড়, স্যাঞ্জু স্যামসন ও মাহেন্দ্র সিং ধোনিকে রেখে চেন্নাই নিলামে যুক্ত করেছে কার্তিক শার্মা ও প্রাশান্ত ভিরকে। আফগান স্পিনার নুর আহমাদও আছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।

দিল্লি ক্যাপিটালস: স্টার্ক-রাহুলে শক্ত কোর

লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল ও মিচেল স্টার্ককে ধরে রেখে দিল্লি নিলামে নিয়েছে ডেভিড মিলার ও বেন ডাকেটকে। ব্যাটিং-বোলিং দুটোতেই দলটি এবার বেশ ভারী।

গুজরাট টাইটান্স: বাটলার-রাশিদে শক্তিশালী ইউনিট

শুভমান গিল ও রাশিদ খানের সঙ্গে জস বাটলার ও কাগিসো রাবাদাকে রেখে গুজরাট তৈরি করেছে শক্তিশালী দল। জেসন হোল্ডারের সংযোজন বাড়িয়েছে অলরাউন্ড শক্তি।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস: পান্ত-পুরানেই ভরসা

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামের খেলোয়াড় রিশাভ পান্ত (২৭ কোটি) ও নিকোলাস পুরানকে ঘিরেই লক্ষ্ণৌর পরিকল্পনা। সঙ্গে শামি, আভেশ ও হাসারাঙ্গা; বোলিং আক্রমণও শক্ত।

মুম্বাই ইন্ডিয়ান্স: তারকায় ঠাসা চেনা রূপ

বুমরাহ, রোহিত, হার্দিক ও সূর্যকুমার—এই চার স্তম্ভেই মুম্বাইয়ের শক্তি। নিলামে খুব বেশি না খরচ করলেও স্কোয়াড বরাবরের মতো ভয়ংকর।

পাঞ্জাব কিংস: আইয়ার-চাহালে নতুন স্বপ্ন

২৬.৭৫ কোটিতে শ্রেয়াস আইয়ারকে দলে এনে বড় বার্তা দিয়েছে পাঞ্জাব। আর্শদিপ ও চাহালের সঙ্গে স্টয়নিস ও ইয়ানসেন থাকায় দলটি এবার বেশ শক্তিশালী।

রাজস্থান রয়্যালস: জয়সওয়াল-জাদেজার নেতৃত্বে

ইয়াশস্বী জয়সওয়াল, রিয়ান পারাগ ও রবীন্দ্র জাদেজাকে রেখে রাজস্থান নিলামে এনেছে রবি বিষ্ণই ও অ্যাডাম মিলেনকে। অলরাউন্ড শক্তিতে দলটি এবারও আলোচনায়।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: কোহলিকে ঘিরে নতুন সাজ

বিরাট কোহলি, হেজেলউড ও ফিল সল্টকে রেখে আরসিবি নিলামে যুক্ত করেছে ভেঙ্কাটেশ আইয়ার ও মাঙ্গেশ ইয়াদাভকে। ব্যাটিং গভীরতা বাড়ানোর চেষ্টা স্পষ্ট।

সানরাইজার্স হায়দরাবাদ: ক্লাসেন-কামিন্সের দাপট

২৩ কোটিতে হেনরিখ ক্লাসেন ও ১৮ কোটিতে প্যাট কামিন্স—এই দুই তারকাকে কেন্দ্র করে হায়দরাবাদ নিলামে এনেছে লিয়াম লিভিংস্টোনকে। অলরাউন্ড শক্তিতে দলটি এবার অন্যতম ফেভারিট।