আরব কাপ ফুটবলের ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে জর্ডানকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে মরক্কো। নির্ধারিত সময় ২-২ গোলে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে উত্তর আফ্রিকার দলটি।
কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে মরক্কো। ম্যাচের চতুর্থ মিনিটেই প্রায় ৩৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন ওসামা তান্নান।
প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মরক্কো।
দ্বিতীয়ার্ধের শুরুতে ঘুরে দাঁড়ায় জর্ডান। দ্রুত নেওয়া কর্নার থেকে আলি ওলওয়ান হেডে গোল করে সমতা ফেরান। এরপর ৬৮তম মিনিটে ভিএআর দেখে দেওয়া পেনাল্টি থেকে আবারও গোল করেন ওলওয়ান। এতে ২-১ গোলে এগিয়ে যায় জর্ডান।
ম্যাচের শেষ দিকে নাটকীয়ভাবে সমতা ফেরায় মরক্কো। ৮৭তম মিনিটে আব্দুর রাজ্জাক হামেদ-আল্লাহর শটে গোল হয়। ভিএআর পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করলে ম্যাচে ফেরে মরক্কো। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে দুদল আক্রমণ চালালেও শেষ হাসি হাসে মরক্কো। কর্নার থেকে পাওয়া সুযোগে আব্দুর রাজ্জাক হামেদ-আল্লাহ গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। বাকি সময় জর্ডান আর সমতা ফেরাতে না পারায় শিরোপা নিশ্চিত হয় মরক্কোর।
এই জয়ের মাধ্যমে আরব কাপে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতল মরক্কো। এর আগে ২০১২ সালে প্রথমবার ফাইনাল খেলেই শিরোপা জিতেছিল দলটি।


