ম্যানচেস্টার সিটির প্রধান কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, তিনি অন্তত তার বর্তমান চুক্তি শেষ হওয়া পর্যন্ত ক্লাবেই থাকবেন। গার্দিওলার চুক্তি ২০২৭ সালের গ্রীষ্মে শেষ হচ্ছে। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, এ আসরেই হয়তো তার শেষ সিটি মৌসুম হতে পারে।
গার্দিওলা বলেন, আমি আমার অবস্থান ও দায়িত্ব ভালোভাবে জানি। প্রতি সংবাদ সম্মেলনে আমাকে আমার ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করা হয় এবং আমার উত্তর সব সময় একটাই—আমি এখানে আছি। গত মৌসুম খুবই কঠিন ছিল, কিন্তু আমি হাল ছাড়িনি। এই মৌসুম অনেক ভালো যাচ্ছে, তাই এখনও আমি এখানে আছি। আমার অনুভূতি অনুযায়ী, আমি এখানেই থাকতে চাই।
তিনি আরও বলেন, নতুন খেলোয়াড় এবং নতুন স্টাফদের সঙ্গে কাজ করা আমাকে সব সময় অনুপ্রাণিত করে। একই খেলোয়াড়দের সঙ্গে ১০ বছর খেললে আমি হয়তো ক্লান্ত হয়ে যেতাম। আর খেলোয়াড়রাও হয়তো আমাকে নিয়ে ক্লান্ত হয়ে যেত। নতুনদের সঙ্গে কাজ করতে চাই, তাই সাহায্য করতে চাই।
গার্দিওলা জানান, তিনি শুধু শিরোপা জেতার জন্য না; বরং খেলার প্রক্রিয়া এবং যাত্রার জন্যও অনুপ্রাণিত। তিনি বলেন, নিশ্চয়ই আমি আরও একটি প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতার চেষ্টা করব; কিন্তু সেটাই আমার সকালে ওঠার কারণ নয়। মূল কথা হলো খেলার প্রক্রিয়া।
যখন প্রশ্ন করা হয়, ভবিষ্যতে তিনি ক্লাব ছাড়লে তার স্থলাভিষিক্ত কে হবেন? গার্দিওলাবলেন, না, আমি তা ঠিক করব না। আমি এখানে খুশি, থাকতে চাই। সবশেষে ক্লাবই ঠিক করবে, কে আমার জায়গায় দায়িত্ব নিতে পারেন।


