ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সালাহর গোলে আফ্রিকা কাপে জয় দিয়ে শুরু মিশরের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:৪২ এএম
জয়ের পর মিশর। ছবি- সংগৃহীত

আফ্রিকা কাপ অব নেশনসে প্রথম ম্যাচেই জয় পেয়েছে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিশর। তাদের জয়ের নায়ক ছিলেন তারকা স্টার ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

মঙ্গলবার আগাদিরে ‘বি’ গ্রুপের ম্যাচে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২৯তম জিম্বাবুয়ের মুখোমুখি হয় ৩৫তম স্থানে থাকা মিশর। ম্যাচের ২০ মিনিটে প্রিন্স দুবের গোলে এগিয়ে যায় জিম্বাবুয়ে, যা মিশরের জন্য চাপ তৈরি করেছিল।

বিরতির পর আক্রমণ বাড়ায় মিশর। ৬৪ মিনিটে ওমর মারমৌশের গোলে সমতা ফেরে। তবে শেষ পর্যন্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে সালাহ বক্সের ভেতর থেকে এক নিখুঁত শটে জিম্বাবুয়ের গোলকিপারকে পরাস্ত করে দলকে ২–১ গোলে জয় এনে দেন।

ম্যাচজুড়ে মিশরের বেশকিছু সুযোগ নষ্ট হলেও তারা চাপ ধরে রাখে এবং শেষ মুহূর্তে গোল পায়। ম্যাচের পর মিশরের কোচ হুসাম হাসান বলেন, উদ্বোধনী ম্যাচ সবসময়ই কঠিন হয়। আমরা ভালো খেলেছি, যদিও কিছু সুযোগ কাজে লাগাতে পারিনি।

একই গ্রুপে দক্ষিণ আফ্রিকা মরক্কোতে অ্যাঙ্গোলাকে ২–১ গোলে হারিয়েছে। ‘এ’ গ্রুপে মালি ও জাম্বিয়ার ম্যাচ ১–১ গোলে ড্র হয়েছে।